আমানত নিয়ে ব্যাংকের গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে দেশের ব্যাংকব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। আজ রোববার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশের কোনো ব্যাংক বন্ধ হয়ে যায়নি। আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকের আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, কোনো ব্যাংক আমানতের টাকা দিতে ব্যর্থ হলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকরা ১৬২৩৬ নম্বরে কল করে তাদের অভিযোগ জানাতে পারবে। অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক নানা খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই।
বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে দেশের কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, ভবিষ্যতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
বৈঠকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, দেশে বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিশ্বব্যাংক সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ ছাড়া নতুন প্রকল্পে বিনিয়োগের বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে।

