ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে নিজ অফিসকক্ষে দুর্বৃত্তের হামলার শিকার সাব-রেজিস্ট্রার- ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ

নিউজ ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ অফিসকক্ষে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন ইউসুফ আলী নামে এক সাব-রেজিস্ট্রার। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত ইউসুফ আলীর অভিযোগ, হামলার আধাঘণ্টা আগে শাসিয়ে এবং মারপিটের হুমকি দিয়ে যান শিবগঞ্জ উপজেলার ইউএনও আবুল হায়াত। তারপরই তিনি অতর্কিত হামলার শিকার হোন। তার ওপর হামলার সঙ্গে ইউএনও আবুল হায়াত নিজেই জড়িত। সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে গিয়ে তাকে হুমকি এবং গালিগালাজ করার একটি অডিও পাওয়া যায়।

২২ মিনিটের ওই অডিওতে শোনা যায়, সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীকে নানাভাবে শাসাচ্ছেন ইউএনও। এ সময় সাব-রেজিস্ট্রারকে কয়েকবার মারপিটের হুমকি দিতে শোনা যায় ইউএনওকে।

বিষয়টি অস্বীকার করে ইউএনও আবুল হায়াত জানান, এমন কোনো ঘটনায় ঘটেনি। যে অডিওতে তার ভয়েজ বলে প্রচার করা হচ্ছে, সেটি তার নয় বলে সাফ জানিয়ে দেন। তিনি বলেন, শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক এক কর্মচারী অবসরে যাওয়ার পর মারা যান।এরপর তার স্ত্রী-প্রতিবন্ধী মেয়ে পেনশনের টাকার সুপারিশের জন্য শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর কাছে প্রায় ১৫ মাস ধরে ঘুরেও
কোনো সুরাহা করতে পারেনি। পরিবারটির করুণ অবস্থা। বিষয়টি মানসিকভাবে আমার মনে নাড়া দিলে আমি সুপারিশ করে ইউসুফ আলীর কাছে পাঠিয়ে দেই। এতে ক্ষিপ্ত হন ইউসুফ। এরপর তাদের আবারও ঘুরাতে থাকে। শেষমেশ সশরীরে উপস্থিত হয়ে অনুরোধ করলে
তিনি আমার সঙ্গে বাজে আচরণ করলে আমি বেরিয়ে চলে আসি। এরপর কে বা কারা হামলা করেছে জানা নেই।

তবে এমন ন্যক্কারজনক হামলা কারো ওপর কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রার আপসানা বেগম অভিযোগ করে বলেন, ইউএনও যে কর্মচারীর কথা বলেছেন ওই কর্মচারী ২০১৪ সালে অবসর নেন। এরপর ২০১৮ সালে তিনি মারা যান।
এখন তার দ্বিতীয় স্ত্রীর বোন এসে পেনশন দাবি করছেন। কিন্তু ওই স্ত্রীর কোনো কাবিননামা দেখাতে পারেননি তারা।

এ নিয়ে মূলত ফাইলটি ছাড়তে পারছিলেন না সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী। আর ওই ফাইল ছাড়ার জন্য ইউএনও মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ইউসুফ আলীর অফিসকক্ষে গিয়ে তাকে শাসিয়ে আসেন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে ইউএনও আবুল হায়াত জড়িত। তার ইন্ধনেই সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপরে হামলা হয়েছে। অফিস চলাকালীন সময়ে কার্যালয়ে কর্মরত অবস্থায় একজন সরকারি কর্মচারীর ওপর এই ধরনের হামলা ন্যক্কারজনক।

আমরা এ নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি। ঘটনার বিচারের দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি। এদিকে বুধবার দুপুর থেকে এই ঘটনার প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সাব-রেজিস্ট্রাররা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অহিদুল ইসলাম। এ ঘটনায় থানায় বাদী হয়ে ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার মামুন অর রশিদ।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মদ বলেন, সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীকে মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।