গাইবান্ধায় দুর্বৃত্ত কর্তৃক রাজু নামের এক অটো বাইক চালককে গলা কেটে নৃশংসভাবে হত্যা। রেল লাইনের পাশ থেকে লাশসহ হত্যার কাজে ব্যবহৃত ছোরা উদ্ধার। থানা পুলিশের ঘটনাস্থল পরিদর্শন পূর্বক লাশ মর্গে প্রেরন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজির ধরণী বাড়ি গ্রামের হাজী রেল গেটের দক্ষিনে রেলের ৬৫/এফ নং ব্রীজের নিকটে আজ সকালের দিকে স্থানীয় লোকজন রেল লাইনের পাশে পড়ে থাকা গলা কাটা এক যুবকের লাশ দেখতে পান। মুহুর্তে বিষয়টি জানাজানি হলে লাশটি দেখতে ঘটনাস্থলে অসংখ্য নারী-পুরুষের ভীর জমে।
এ সময় লাশের প্যান্টের পকেটে থাকা ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে হত্যাকান্ডের শিকার এ যুবক সাদুল্লাপুর উপজেলার দামোদর পুর ইউনিয়নের ভাংগামোড় গ্রামের শফিউল ইসলামের পুত্র বলে জানতে পারেন। যুবকের নাম রাজু (২২)। রাজু পেশায় একজন অটো বাইক চালক। এমন খবর পেয়ে রাজুর পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে রাজুর লাশ সনাক্ত করেন।
রাজুর বড় ভাই আজিজার রহমান লাশ দেখে কান্নায় ভেংগে পড়েন। জানান, গত শুক্রবার সকালের দিকে রাজু খাওয়া-দাওয়া সেরে নিত্য দিনের ন্যায় অটো বাইক নিয়ে বাড়ি থেকে বের হন। দিন শেষে রাতে ফিরে না আসায় তার ব্যবহৃত ফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
এ দিকে, খবর পেয়ে গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, আবুলাইচ মো: ইলিয়াস জিকু, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদূর রহমান, তদন্ত কর্মকর্তা আব্দুল ওয়াহেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নিহত রাজুর ব্যবহৃত মোবাইল ফোনসহ হত্যা কাজে ব্যবহৃত ছোরা উদ্ধার পুর্বক লাশ ময়না তদন্তে মর্গে প্রেরন করেন। অনেকের ধারনা, রাজু হয়তবা ছিন্তাইকারী দলের কবলে পড়ে নৃশংস হত্যাকান্ডের শিকার হয়েছেন।

