জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে তালেবান বাহিনী। আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনৈতিক মিশনগুলোতে হামলা পরিকল্পনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, রোববার রাতে এক অভিযানে আইএসের আঞ্চলিক ‘গোয়েন্দা ও অভিযানপ্রধান’ কারি ফাতেহকে হত্যা করেছে তালেবান বাহিনী। তালেবান মুখপাত্র বলেন, ফাতেহর পরিকল্পনায় কূটনৈতিক মিশন, মসজিদ, অন্যান্য লক্ষ্যবস্তুসহ কাবুলে সাম্প্রতিক সময়ে হামলাগুলো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আইএসের গোয়েন্দা ও অভিযান সেলের বিরুদ্ধে চালানো এ অভিযানে জঙ্গিগোষ্ঠীটির আরও এক সদস্য নিহত হয়েছেন। কাবুলের খায়ের খানা এলাকায় তারা আস্তানা গেড়েছিল। স্থানীয় বাসিন্দারা বলেন, রোববার রাতে তাঁরা ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। টুইটারে তালেবান কর্মকর্তাদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষের মধ্যে দুটি মরদেহ পড়ে আছে।
আফগানিস্তানের রাজধানী কাবুল ২০২২ সালের জুলাইতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে ফাতেহকে আইএসের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করা হয়। ভারত, ইরান ও মধ্য এশিয়ার বিশাল অঞ্চলজুড়ে সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। তালেবান ২০২১ সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে সহিংসতা নাটকীয়ভাবে কমে আসে।
কিন্তু নিয়মিত বিরতিতে চলা হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গত বছর দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়। আইএসের আঞ্চলিক শাখা এসব হামলার দায় স্বীকার করে। তালেবান শাসনের প্রতি মারাত্মক নিরাপত্তা হুমকি হিসেবে আবির্ভূত হয় আইএস।

