ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার নেমসন কনটেইনার ডিপোর সামনের একটি তুলার গোডাউনের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলের আশেপাশে পানির পর্যাপ্ত উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে সশস্ত্র বাহিনীর সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
জানা যায়, গত এক সপ্তাহ ধরে গোডাউনটিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা— ওয়েল্ডিংয়ের আগুনের স্ফুলিঙ্গ থেকে এ আগুনের সূত্রপাত।
এ বিষয়ে কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ার স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, ‘তুলার মধ্যে আগুন ধরে যাওয়ায় নিয়ন্ত্রণে আনতে আমাদের বেগ পেতে হচ্ছে। তবে পুরো গোডাউন আমরা ঘিরে ফেলেছি। আমাদের ১১টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এই আগুন পুরো নিভতে সময় লাগবে। সেটা একদিনও হতে পারে বা দুইদিনও হতে পারে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, গোডাউনে সংরক্ষিত তুলার মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আশপাশে পানির উৎস না থাকায় আরও বেগ পেতে হচ্ছে তাদের। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হবে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD