ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভরণ-পোষণের খরচ না দেয়ায় ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার মামলা

NewsDay 24
মার্চ ২৩, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ভ্রাম‍্যমান প্রতিনিধি :
চট্টগ্রামে প্রয়োজনীয় ভরণ-পোষণের খরচ না দিয়ে উল্টো নিজের নামে এককভাবে বাড়ি-ভিটার দলিল করে নেওয়ার জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যাচারের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন বৃদ্ধ বাবা।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা ইয়াসমিনের আদালতে এ মামলা করেন হাফেজ আবুল মোজাফফর। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
হাফেজ আবুল মোজাফফর (৭৮) লোহাগাড়ার চরম্বা মাইজভিলা এলাকার মৃত মৌলভী লাল মিয়ার ছেলে। তিনি নগরের গণি বেকারি মোড় হযরত মোল্লা মিসকিন শাহ (রাহ.) মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন। তাঁর বড় ছেলে মো. ইয়াছিনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন তিনি।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সাল থেকে হাফেজ আবুল মোজাফফরের জমি ও ঘর দখলে নিয়ে বসবাস করছে ছেলে মো. ইয়াছিন। সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ দিয়েও না পেরে প্রাণনাশের হুমকি দেয়। বাবার কাছ থেকে বিভিন্ন অজুহাতে ব্যবসার কথা এবং পরিবারের বিভিন্ন প্রয়োজনে ৩ লাখ ৭ হাজার ৪৩৫ টাকা ধার নেয় ইয়াছিন। সেই টাকাও ফেরৎ দেয়নি। ২০১৬ সালের ৯ অক্টোবর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকাকালে লোহাগাড়ার আধুনগর সাব রেজিস্ট্রি অফিসে হেবা দলিলে স্বাক্ষর নিয়ে নেয় ইয়াছিন। গত ১৫ ফেব্রুয়ারি গ্রামের বাড়িতে ছেলে সব সম্পত্তি নিজের দাবি করে বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ১৬ মার্চ পুনরায় বাড়িতে গিয়ে ধার নেওয়া টাকা ফেরৎ চাইলে উত্তেজিত হয়ে ছেলে আরও ১০ লাখ টাকা দাবি করে।
বাদীর আইনজীবী জিয়া হাবীব আহসান জানান, হাফেজ আবুল মোজাফফর বয়োবৃদ্ধ ও অসুস্থ। সেই সুযোগে ইয়াসিন (ছেলে) তাঁর কাছ থেকে জোর করে বিভিন্ন সময়ে জমি ও টাকা আত্মসাৎ করেছেন। এখন হাফেজ মোজাফফর তা ফিরিয়ে নিতে চাইলে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আদালত আমাদের আরজি গ্রহণ করেছেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার জন্য লোহাগাড়া থানার ওসিকে নির্দেশ দিয়ে তা তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।