ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ নেতা পরিচয়ে মনোনয়ন ফরম নেওয়া ১২ জন জমা না দিলেও অন্য তিন রাজনৈতিক দলসহ আরও পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। একই দিন নৌকার প্রার্থী নোমান আল মাহমুদও মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ফরম সংগ্রহ করলেও বিএনএফ প্রার্থী এস এম আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম জমা দেন নি। ফলে এখনও পর্যন্ত নৌকার প্রার্থীর সঙ্গে আরও ৫ প্রার্থী নির্বাচনী দৌঁড়ে রয়েছেন।
সোমবার (২৭ মার্চ) চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
উপনির্বাচনে নৌকার প্রার্থীসহ মনোনয়ন ফরম নিলেন ১৮ জন ।
এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ, এনপিপির প্রার্থী মোস্তাফা কামাল পাশা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী পূর্ব ষোলশহর এলাকার মীর মোহাম্মদ রমজান আলী এবং সাতকানিয়ার খাগরিয়ার খাদেমুল ইসলাম চৌধুরী।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৫ এপ্রিল পর্যন্ত।
৬ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২৭ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।
গত ৬ ফেব্রুয়ারি মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
মনোনয়ন ফরম জমা দিয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে বের হয়ে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। দল আমার ওপর যে আস্থা রেখেছেন, তা আমি পালনের চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, খোরশেদ আলম সুজন।
এরআগে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ১৮ জন। এরমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৩ জন ছাড়াও ইসলামী ফ্রন্ট, বিএনএফ, এনপিপি ও দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD