চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন মুরগি ফার্ম আলম তারারপুকুর পাড় থেকে শিশু আবিদা সুলতানা আয়নী (১০) এর গলিত মরদেহ উদ্ধার করার ঘটনায় সন্দেহজনক হিসেবে মোহাম্মদ রুবেল সবজি বিক্রেতাকে আটক করা হয়েছে।
পাহাড়তলী থানা পুলিশ মামলা না নেওয়ায় শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার (২৮ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামে মামলা করেন।
শিশুটির বাসার পাশের সবজি বিক্রেতাকে এ মামলায় আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, আয়নী’র মা গার্মেন্ট শ্রমিক।
বাবাও গার্মেন্ট শ্রমিক হিসেবে ঢাকায় থাকেন। স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী আয়নী। তার এক বান্ধবীর মাধ্যমে জানা গেছে- ২১ মার্চ আয়নী বিড়াল ছানা আনতে ওই সবজি বিক্রেতার কাছে গিয়েছিল। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
পিবিআই চট্টগ্রাম মেট্রো’র পুলিশ সুপার নাইমা সুলতানা বুধবার (২৯ মার্চ) সকালে বলেন, শিশুটির বাসার পাশের সবজি বিক্রেতাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে দেওয়া হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

