ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের টিকিটে থাকবে যাত্রীর নাম, এনআইডি না থাকলে জরিমানা 

NewsDay 24
এপ্রিল ২, ২০২৩ ৫:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
এখন থেকে ট্রেনে চড়তে যার নামে টিকিট কাটা হবে তার পাশাপাশি সঙ্গী যারা হবেন, টিকেট তাদের সবারই নাম থাকবে। কেবল নামই থাকবে না, সেই যাত্রীকে সঙ্গে জাতীয় পরিচয়পত্রও রাখতে হবে। ফলে জাতীয় পরিচয়পত্র ছাড়া যে কারও ট্রেনে চড়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে।
মূলত টিকিট কালোবাজারি বন্ধে নতুন এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান ‘সহজ ভিনসেন জেভির’ প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ দেবনাথ।
তিনি একটি গণমাধ্যমকে বলেন, ‘রেলওয়ের চাহিদা অনুযায়ী টিকিটে সহযাত্রীর নাম এখন থেকে উল্লেখ থাকবে। আপাতত যিনি এনআইডি ব্যবহার করে টিকিট কিনবেন, তার সঙ্গের সহযাত্রীদের নাম যুক্ত করলেই চলবে, এনআইডি কিংবা ছবি লাগবে না।’
নতুন নির্দেশে সহযাত্রীদেরও জাতীয় পরিচয়পত্র বা ফটো আইডি না থাকলে তাদেরও জরিমানা হবে বলে জানিয়েছে সহজ।
সহজের ফেসবুক পোস্টে বলা হয়, ‘আগামী ৭ এপ্রিলের পর থেকে টিকিট কেনার প্রক্রিয়াটি সম্পন্ন করতে সহযাত্রীদের নাম (তাদের জাতীয় পরিচয় পত্র/ ফটো আইডিতে দেওয়া) বাধ্যতামূলক করা হয়েছে। ভ্রমণের সময় সমস্ত যাত্রীদের অবশ্যই তাদের এনআইডি/ফটো আইডি সঙ্গে রাখতে হবে।’
ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধে গত ১ মার্চ থেকে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বর বা জন্ম নিবন্ধন সনদ নিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। একটি আইডিতে সর্বোচ্চ চারটি টিকেট কাটা যায়। সে ক্ষেত্রে সহযাত্রীরা এতদিনে তিনি বিনা প্রশ্নেই ট্রেনে চড়তে পারতেন। সেটিও এবার বন্ধ হচ্ছে।
যার নামে টিকেট কাটা হয়েছে, ট্রেনে যাত্রার সময় তার পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ বা ফটোকপি সঙ্গে থাকাও বাধ্যতামূলক করা হয় সেদিন থেকে। রেলকর্মীরা পরিচয়পত্রের সঙ্গে টিকিট মিলিয়ে দেখছেন। যদি না মেলে তাহলে গুনতে হচ্ছে জরিমানা।
গত ২২ মার্চ দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলন করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, একজন যাত্রী ঈদ অগ্রিম টিকিট ও ফিরতি যাত্রায় সর্বোচ্চ একবার এবং প্রতিক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। নিবন্ধন করা যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কেনার সময় সহযাত্রীদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।