
ডেস্ক রিপোর্ট :
ইভিএম কিংবা ব্যালট বিষয় নয়, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় নির্বাচনে শতভাগ ব্যালটে ভোটের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (ইসি) নতুন কৌশল বলেও মনে করছেন এই নেতা।
সোমবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,ইভিএম বা ব্যালট বিষয় নয়, বিষয় হচ্ছে অনির্বাচিত অবৈধ সরকারের অধীনে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে ভোট চুরি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচনে জনগণ বা বিএনপি যাবেনা। ইভিএম হল না ব্যালটে হল এটা নিয়ে জনগণের কোনো মাথাব্যথা নেই।
তিনি আরও বলেন, সাংবাদিকদের কাজ হচ্ছে সঠিক সংবাদ পরিবেশন করা, আর সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে সরকার সাংবাদিকদের মামলা দিচ্ছে, গ্রেপ্তার করে একটা ভয়বৃত্তির পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। সাংবাদিকদের সাহসিকতা দেখাতে হবে। তারা আবার একতরফা নির্বাচন করতে চায়, কিন্তু এ দেশের জনগণের তাদের এই সুযোগ দিবে না ।
একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, এই সরকার স্বেচ্ছায় ক্ষমতা থেকে বিদায় নিবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ অর্ধাহারে অনাহারে কষ্টের মধ্যে রয়েছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সামনের দিকে এগিয়ে যেতেই হবে। তাই বিএনপির আন্দোলনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। তাই একদফার আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে হবে।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD