ডেস্ক রিপোর্ট :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদীয় ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে।
সোমবার (৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল নির্ধারণ করতে বৈঠকে বসে ইসি। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকের আজকের আলোচ্য সূচিতে যা ছিল-পাঁচ সিটি করপোরেশনের (গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল) নির্বাচন, সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার, সাংবাদিক ও গণমাধ্যকর্মীদের জন্য নীতিমালা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সঙ্গে চুক্তি অনুমোদন ও বিবিধ।
এর আগে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হতে পারে। এক্ষেত্রে এ নির্বাচনের তারিখ এদিনের বৈঠকে চূড়ান্ত হতে পারে।
এদিকে ইভিএম মেরামতের জন্য সরকারের কাছে টাকা চেয়েছিল ইসি। ইসির চাহিদা পূরণ সাপেক্ষে নির্ভর করে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের ভবিষ্যৎ। এদিন এ বিষয়ে ইভিএম না ব্যবহার করার সিদ্ধান্ত আসল।
এদিকে মঙ্গলবার (২৮ মার্চ) বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দলকে জাতীয় নির্বাচন নিয়ে সংলাপে বসার জন্য চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। এর জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসির দেয়া চিঠির কোনো উত্তর দেবেন না বলে জানান।
এরপর আবার বৃহস্পতিবার (৩০ মার্চ) নির্বাচন কমিশন বিএনপিরসহ যেসব দল সংলাপে অংশ নেয়নি, এমন আরও ৮টি দলকে সংলাপের জন্য চিঠি দেয়। এ প্রক্রিয়ার মধ্যেই পাঁচ সিটি নির্বাচন ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে বসেছে ইসি।

