ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন শুরু ১৬ এপ্রিল 

NewsDay 24
এপ্রিল ১২, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 ডেস্ক রিপোর্ট :
চলতি বছর হজের জন্য যারা চূড়ান্ত নিবন্ধন করেছেন তাদের বায়োমেট্রিক ভিসা আবেদন শুরু হচ্ছে আগামী ১৬ এপ্রিল। সারাদেশে একযোগে এই বায়োমেট্রিক ভিসা আবেদন শেষ হবে ৩০ এপ্রিল।
বুধবার (১২ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ২০২৩ এ অংশগ্রহণের জন্য নিবন্ধিত হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন আগামী ১৬ এপ্রিল থেকে সারাদেশব্যাপী একযোগে শুরু হবে।
সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সব জেলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা এবং হজ অফিস, আশকোনা, ঢাকায় বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের যেখানে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করবেন সেখানে তাদের পাসপোর্ট জমা দেবেন এবং রশিদ গ্রহণ করবেন।
বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা স্ব স্ব এজেন্সির মাধ্যমে এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) অফিসে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। বায়োমেট্রিক ভিসা আবেদনের পরে পাসপোর্টগুলো স্ব স্ব এজেন্সির কাছে জমা দিয়ে রশিদ গ্রহণ করবেন।
লিড এজেন্সি নির্ধারণ: 
অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজের নিবন্ধন কার্যক্রম ১১ এপ্রিল শেষ হয়েছে এবং নিবন্ধন সার্ভার বন্ধ রয়েছে। যেসব হজ এজেন্সির হজযাত্রীর সংখ্যা ৯৭ এর নিচে তারা আগামী ১৩ এপ্রিলের মধ্যে অবশ্যই লিড এজেন্সি নির্ধারণ করে সমন্বয় করবে। সমন্বয়ের পরে হজ এজেন্সির বিপরীতে প্রযোজ্য গাইড ও মোনাজ্জেম সংখ্যা যোগ করে চূড়ান্ত কোটা সৌদি আরবে ই-হজ সিস্টেমে এন্ট্রির জন্য পাঠানো হবে।
হজ এজেন্সির চূড়ান্ত কোটা সৌদি আরবে পাঠানোর পর বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের পিলগ্রিম আইডি দেওয়ার জন্য সিস্টেমে উন্মুক্ত করা হবে।
কয়েক দফা বাড়ানোর পর সব শেষ পাওয়া তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনা নিবন্ধন করেছেন ১০ হাজার ৩৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন এক লাখ নয় হাজার ৬৬০ জন।
সৌদি সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে হজ এবং ওমরাহ যাত্রী বাংলাদেশিদের সৌদি ভিসা পেতে হলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক নিবন্ধন (আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি) সম্পন্ন করতে হয়। এজন্য সৌদি ভিসা বায়ো অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক ডেটা দিতে হবে। গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে। উল্লেখিত তারিখ থেকে ওই অ্যাপে নিবন্ধন এবং বায়োমেট্রিক ব্যবস্থা চালুর প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া হজ ও ওমরাহর জন্য কোনো ভিসা পাবেন না।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৯ জানুয়ারি সম্পাদিত সৌদি আরবের সঙ্গে চুক্তি মতে এবছর সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজে অংশ নিতে পারবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।