ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মে দিবসের অনুষ্ঠানে মারামারিতে জড়ালো রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষ

নিজস্ব প্রতিবেদন
মে ১, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মে দিবসের অনুষ্ঠানে গিয়ে মারামারিতে জড়িয়েছে রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষ। এসময় মিজান (৩০) নামের একজনকে ছুরিকাঘাত করা হয়।

তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১ মে) বেলা ১১টার দিকে নতুন রেলওয়ে স্টেশনে অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

আহত মিজান সদরঘাট থানাধীন কামাল গেট পূর্ব মাদারবাড়ি এলাকার বাসিন্দা। তার সহকর্মী মো. সোহেল জানান, মে দিবস উপলক্ষে রেলওয়ে শ্রমিক লীগের অনুষ্ঠান চলছিল।

এসময় আজমল ও অলিউল্লাহ নামে দুইজনের নেতৃত্ব কয়েকজন বহিরাগত এসে অতর্কিত হামলা চালায়। ছুরিকাঘাতে মিজান আহত হয়।
কি কারণে এ হামলা, আমরা কিছুই বুঝতে পারছি না।

জানা গেছে, সিরাজ গ্রুপ এবং অলিউল্লাহ সুমন গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মতোবিরোধ চলছিল। মে দিবস উপলক্ষে দুই গ্রুপই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। নতুন রেল স্টেশনে সিরাজ গ্রুপের আয়োজনে অনুষ্ঠান চলাকালীন সময়ে পাশ দিয়ে মিছিল নিয়ে যায় অলিউল্লাহ সুমন গ্রুপ। এসময় উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হলে বিবাদে জড়ায় তারা।

রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে মারামারি বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, শ্রমিকদের অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। দুই-তিনজন আহত হয়েছে বলে শুনেছি। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগও করেনি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চীফ ইন্সপেক্টর আমান উল্লাহ আমান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে ছুরিকাঘাতে আহত মিজান চমেক হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।