ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে শুক্রবার (১২ মে) রাত ১১টা থেকে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পরিবহন চালক ও সাধারণ মানুষ।
শনিবার( ১৩ মে) সকাল থেকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে গাড়ির সারি। অনেকে আবার গ্যাসের জন্য নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে চলছেন।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিজ্ঞপ্তি আগে থেকে না জানায় ভোগান্তি বেশি হচ্ছে বলে জানায় সাধারণ মানুষ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চালক ও যাত্রীরা। এ বিষয়ে নগরীর কদমতলী এলাকায় কুলিয়ারচর সিএনজি ফিলিং স্টেশনের কর্মকর্তা হৃদয়ান কবির বলেন, কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে নোটিশ পাঠানো হয়েছে ঘূর্ণিঝড় মোখা’র কারণে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ। তাই আমারও গ্যাস দেয়া বন্ধ রেখেছি।
এছাড়া নগরীর অধিকাংশ বাসায় গ্যাস না থাকায় রান্নার কাজেও দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। রাতে কিছু কিছু এলাকায় থাকলেও সকালে অধিকাংশ এলাকাতেই নেই গ্যাস।

