ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা 

NewsDay 24
মে ১৩, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
ঘূর্ণিঝড় মোখার কারণে আগামীকাল চট্টগ্রামের পোশাক কারখানাগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার (১৩ মে) বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা ক্রমশ শক্তিশালী হচ্ছে। তাই জানমালের নিরাপত্তার খাতিরে আমরা সব পোশাক কারখানা মালিককে কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছি। তারাও সম্মতি জানিয়ে আগামীকাল কারখানা বন্ধ রাখবেন। তবে কেউ যদি কারখানা খোলা রাখে তাহলে যার যার প্রস্তুতি ওসব প্রতিষ্ঠানকে নিতে হবে। বিজিএমইএর পক্ষ থেকেও আমরা সব ধরনের সচেতনতামূলক কার্যক্রম শেষ করেছি।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখা আরও ঘনীভূত হচ্ছে। এটি বর্তমান অবস্থান থেকে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। সোমবার (১৪ মে) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এটি কক্সবাজার জেলার দক্ষিণ অংশে আঘাত হানতে পারে।
কক্সবাজার জেলা ও মিয়ানমার উপকূলে প্রায় ১৮০ থেকে ২১৫ কিলোমিটার দমকা বা ঝড়ো বাতাসের প্রাবল্যতাসহ এটি আঘাত হানতে পারে। এ সময় ঝড়ের শক্তির বাতাস প্রায় ২০০-২৫০ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে বিস্তৃত থাকতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার ও টেকনাফ এলাকা ১৫ থেকে ২৫ ফুট উচ্চ বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এছাড়া চট্টগ্রাম উপকূলে প্রায় ১২ থেকে ১৫ ফুট জলোচ্ছ্বাস হতে পারে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।