ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদন
মে ২০, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সীমানায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস (৭২৩) আপ ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেট-চট্টগ্রাম এবং সিলেট-ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২০ মে) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, লাউয়াছড়া অংশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি উল্টে যায়। কবে নাগাদ সারাদেশের সঙ্গে রেলযোগাযোগ চালু হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা যাচ্ছে না। আপাতত সিলেটের সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

দুর্ঘটনার কারণ জানান মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জকর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি বলেন, রাতে ঝড়ের সময় লাউয়াছড়ায় বড় একটি গাছ লাইনের উপর আছড়ে পড়ে। এই গাছের সঙ্গে ধাক্কা লেগে উদয়ন ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়েছে। তবে কেউ আহত হয়নি।
শহিদুল নামে এক যাত্রী বলেন,লাইনচ্যুত ১৪৫৮ এর “ড” বগিতে আমি ছিলাম। হঠাৎ দেখতে পাই ট্রেনটি ধীরে ধীরে এক পাশে হেলে যাচ্ছে’। এ ঘটনার সময় আমিসহ অন‍্যান যাত্রীরা দ্রুত অন্য বগির দরজা দিয়ে নিচে নেমে যাই। তবে কেউ আঘাত পাননি। সামান্য ব্যথা পেয়েছেন কিছু লোক।

ট্রেনে দায়িত্বে থাকা এটেনডেন্ট মো হারুন অর রশিদ জানান, আমি “ঙ” কোচে ছিলাম ট্রেন বিকট শব্দে তিনবার ঝাকি মেরে ট্রেন থেমে যায়,পরে সামনে গিয়ে ট্রেনের অবস্থা দেখে, এলএম সাহেবের খোজ করি,উনি সুস্থ আছেন,পরে গাড়ির অবস্থা দেখে খারাপ লাগে। এলএম সাহেবের ভাষ্য মতে, যখন গাছটি মাটিত আছড়ে পড়তে দেখে তখন তিনি হঠাৎ ইর্মারজেন্সি ব্রেক করেন। ইর্মারজেন্সী ব্রেক না করলে দূর্ঘটনা আরও জটিল হতে পারতো।

ট্রেনে ভ্রমণরত সকল যাত্রীদেরকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসি, ট্রেন চলাচল দেরি হবে যাত্রিদের কে অবগত করি। যাত্রীদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য বাস রোড দেখিয়ে দেই,সবাই চলে যায়,দুই একজন থাকে,পরে ওনারাও চলে যায়। তবে এই ঘটনায় আমাদের কোন সহকর্মী আহত হয় নাই।

পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জানান, ঝড়ের কারণে বনের গাছ ভেঙে রেললাইনে পড়ে এবং সেই গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়। কুলাউড়া এবং আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌচেছে এবং উদ্ধার কাজ শুরু করেছে বলে জানান তিনি।

ট্রেন লাইনচ্যুত হয়ে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর হোসেন বলেন, লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় সেখানে স্বাভাবিকভাবেই ট্রেনের গতি কম থাকে। এখন পযর্ন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বনাঞ্চল এবং উঁচু যায়গা হওয়ায় ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।