ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম আউটার লিংক রোডের টাকা আত্মসাৎ, ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কারাগারে

NewsDay 24
মে ২৯, ২০২৩ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম আউটার লিংক রোড প্রকল্পে ভুয়া মালিকানা সাজিয়ে ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের মামলায় ভূমি মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার নাম শাহাদাত হোসেন।
তিনি চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা। বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম–২–এর উপপরিচালকের (প্রশাসন ও অর্থ) দায়িত্ব পালন করছেন।
রবিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম আউটার লিংক রোড প্রকল্পে ভুয়া মালিকানা সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা পরস্পর যোগসাজশে আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগোসহ ১৫ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ৩ জানুয়ারি মামলা করে দুদক। তদন্ত শেষে ২০২২ সালের ৩১ জুলাই আসামিদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে দুদক। কিন্তু চট্টগ্রাম মহানগর দায়রা জজ দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে ১৫ আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর আসামি শাহাদাত রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান,দুর্নীতির মামলায় আসামি শাহাদাত হোসেন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর অপেক্ষায় রয়েছে মামলাটি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।