ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ন্যূনতম ২০০০ টাকা আয়কর প্রস্তাব বাতিল

NewsDay 24
জুন ২৬, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
জাতীয় সংসদে অর্থ বিল ২০২৩ পাস হয়েছে। এতে বহুল আলোচিত আয়কর রিটার্ন দাখিলে ন্যূনতম ২ হাজার টাকা কর দেওয়ার প্রস্তাব বাতিল করা হয়েছে।
শুধু এই করারোপের প্রস্তাব প্রত্যাহারই নয়; গত ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আরও কয়েকটি সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থ বিল, ২০২৩ পাস হয়েছে।
সোমবার (২৬ মার্চ) সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হবে।
রোববার (২৫ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলটির সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি হয়। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরসহ সরকারি ও বিরোধী দলের সদস্যরা আলোচনায় অংশ নেন।
জাতীয় পার্টির সংসদ-সদস্য ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, পীর ফজলুর রহমান ন্যূনতম ২ হাজার টাকা আয়করের বিধান বাতিলের প্রস্তাব করেন। অর্থবিলের ওপর আলোচনায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুও ২ হাজার টাকা প্রত্যাহারের প্রস্তাব দেন। পরে প্রধানমন্ত্রী ইশারা দিয়ে বিধানটি বাতিলের কথা জানান।
১ জুন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, রাষ্ট্রের একজন নাগরিকের অন্যতম দায়িত্ব হচ্ছে রাষ্ট্র কর্তৃক প্রাপ্ত সুযোগ-সুবিধার বিপরীতে সরকারকে ন্যূনতম কর প্রদান করে সরকারের জনসেবামূলক কাজে অংশগ্রহণ নিশ্চিতকরণ। এ ধরনের অংশীদারিমূলক অংশগ্রহণ দেশের সক্ষম জনসাধারণের মাঝে সঞ্চারণের লক্ষ্যে করমুক্ত সীমার নিচে আয় রয়েছে। অথচ সরকার থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্নের বাধ্যবাধকতা আছে, এমন করদাতাদের কাছ থেকে ন্যূনতম দুই হাজার টাকা কর আদায়ের প্রস্তাব করেন তিনি।
প্রস্তাবিত বাজেটে ৪৩টি সরকারি-বেসরকারি সেবা পেতে রিটার্ন জমার স্লিপ বাধ্যতামূলক করা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিলে, কোম্পানি পরিচালক বা শেয়ারহোল্ডার হলে, আমদানি-রপ্তানি নিবন্ধন সনদ (আইআরসি-ইআরসি) নিতে, সিটি করপোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিতে, সমবায় সমিতি নিবন্ধন নিতে, বিমা কোম্পানির সার্ভেয়ার হতে, ১০ লাখ টাকার বেশি মূল্যের জমি-ফ্ল্যাটের দলিল করতে, ক্রেডিট কার্ড নিতে, পেশাজীবী সংগঠনের সদস্যপদ নিতে, ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র  পেতে; গ্যাস-বিদ্যুৎ সংযোগ নিতে, ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চা ভর্তি করতে, কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নিতে, অস্ত্রের লাইসেন্স নিতে, ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলতে, ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে, নির্বাচনে অংশ নিতে, সরকারি চাকরিজীবীদের বেতন ১৬ হাজার টাকা হলে, এমপিওভুক্ত শিক্ষকরা ১৬ হাজার টাকার বেশি বেতন গ্রহণ করলে, পণ্য আমদানি-রপ্তানির বিল অব এন্ট্রি জমা দিতে রিটার্ন জমার স্লিপ বাধ্যতামূলক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।