ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটি শেষেও বাড়ি ছুটছেন অনেকে, ঈদের ৬ষ্ঠ দিনেও ট্রেনে প্রচন্ড ভীড়

NewsDay 24
জুলাই ৫, ২০২৩ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
ঈদের ছুটি শেষ,এরই মধ্যে অনেকেই ফিরতে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামে। কিন্তু নানা কাজে আটকে থাকায় যারা ঈদে বাড়ি যেতে পারেননি তারা সব কাজ শেষ করে এবার বাড়ি যাচ্ছেন।
বেশির ভাগই যাচ্ছে পরিবার নিয়ে। কেউ কেউ আবার একাই যাচ্ছেন।
আন্তঃনগর ও কমিউটার ট্রেনে ঈদের ৬ষ্ঠ দিনেও ঘরমুখো এসব মানুষের প্রচুর চাপ লক্ষ্য করা যায় লাকসাম রেলওয়ে স্টেশনে। তবে হাজারো মানুষ নিয়ম ভেঙে কমিউটার ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা গেছে। এ সময় লাকসাম রেলওয়ে জিআরপি পুলিশ ট্রেনের ছাদে ওঠা থেকে যাত্রীদের বিরত রাখতে চেষ্টা করলেও লাকসাম রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও কর্মরত আনসার ট্রেনের ছাদে ওঠা থেকে যাত্রীদের বিরত রাখতে কোনো চেষ্টাই করেনি। তারা প্রতিটি ট্রেনে বিনাটিকিট যাত্রী তুলতে ব‍্যাস্ত দেখা গেছে।
মঙ্গলবার (৪ জুলাই ) বিকেলে সরেজমিনে লাকসাম রেলওয়ে স্টেশনে গিয়ে ঈদের ৬ষ্ঠ দিনে যাত্রীদের বাড়ি ফেরার এমন চিত্র দেখা গেছে।
ঈদে আনন্দ ভ্রমণের জন্য চট্টগ্রাম যাচ্ছেন স্মরণি। লাকসাম স্টেশন থেকে সাগরিকা কমিউটার ট্রেনের টিকিট কেটে যাত্রা করেন তিনি। স্মরণি বলেন, ঘুরতে চট্টগ্রাম যাচ্ছি। যদিও ট্রেনে প্রচন্ড ভীড়। ট্রেনে উঠে নিজের নির্ধারিত সিটে পৌছাতে কিছুটা কষ্ট হলেও ট্রেন জার্নি আমার ভালো লাগে। বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করে তাই কষ্ট হলেও ট্রেনে যাচ্ছি।
সাগরিকা কমিউটার ট্রেনের আরেক যাত্রী মেহেদি হাসান বলেন, ঈদে ব‍্যাবসা- বাণিজ্য নিয়ে ব‍্যাস্ত ছিলাম। পরিবারকে সময় দিতে পারিনি। এখন হাতে সময় সুযোগ আছে তাই পরিবার নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি চট্টগ্রামে।
এদিকে অন্য ধর্মাবলম্বীরাও ছুটি কাটাতে ঈদের পর যাচ্ছেন বাড়ি। ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের শ্যামল ভট্টাচার্য নামের এক যাত্রী বলেন, আগেই অনলাইনে টিকিট কেটেছি। প্রতি বছর ঈদের পরে বাড়িতে বাবা- মার সঙ্গে দেখা করতে যাই। এজন্য অফিস থেকে ছুটিও নিয়েছি।
মহানগর এক্সপ্রেসের আরেক যাত্রী সাব্বির হোসেন বলেন, ঢাকায় আত্মীয় স্বজনরা থাকে। তাদের সঙ্গে দেখা করা ও বাড়িঘর দেখে আসতেই ঢাকা যাচ্ছি। ঈদের আগে গেলে অনেক ঝামেলা। ভিড় হয় অনেক। গাড়ি পাওয়া যায় না।
লাকসাম স্টেশন মাস্টার শাহাবুদ্দিন বলেন, রেলওয়ে চট্টগ্রাম বিভাগে ২৩ জোড়া ট্রেন চলাচল করছে। এদের মধ্যে ৪ জোড়া ট্রেন হচ্ছে ঈদ উপলক্ষে স্পেশাল এবং লোকাল ২ জোড়া ট্রেন চলাচল করছে। প্রতিটি ট্রেনেই অতিরিক্ত কোচ সংযোজন করা আছে। যাত্রীরা নিরাপদে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। চট্টগ্রাম – চাঁদপুর ঈদ স্পেশাল আগামীকাল ৫ জুলাই পযর্ন্ত চলাচল করবে এবং চট্টগ্রাম – ময়মনসিংহগামী ঈদ স্পেশাল ৫ জুলাই হতে ৭ জুলাই পযর্ন্ত চলাচল করবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।