ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গলা চেপে ধরব’, চবি অধ্যাপককে ডিনের হুমকি!

NewsDay 24
জুলাই ২৭, ২০২৩ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হকের বিরুদ্ধে সহকর্মী এক অধ্যাপককে ‘গলা চেপে ধরব’ বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৬ জুলাই) নিরাপত্তা চেয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
গত মঙ্গলবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৪৪ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অধ্যাপক হলেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু. গোলাম কবীর। তিনি এর আগে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি ছিলেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৪৪ তম সভার ২৮ নম্বর আলোচ্য সূচিতে যথাযথ নিয়মে আমার মতামত ব্যক্ত করি। আমার বক্তব্যের পরে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দেন। আমিসহ আরও কয়েকজন তাঁকে ব্যক্তিগত আক্রমণ না করে তাঁর মতামত প্রদানের অনুরোধ করি। এতে তিনি উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশালীন ও আপত্তিকর শব্দ (যেমন, বেয়াদব ও তোর গলা চেপে ধরব ইত্যাদি) প্রয়োগ করে বক্তব্য দিতে থাকেন।
অধ্যাপক গোলাম কবীর বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় একটা এজেন্ডা আলোচনার সময় আমি ভিসিকে সাপোর্ট করলাম, ওনার (ডিন) সঙ্গে তখন দ্বিমত হচ্ছিল, হঠাৎ করেই ‘বেয়াদব’, ‘গলা চেপে ধরব’ বলে তিনি আমার দিকে তেড়ে আসেন। অন্য ডিনরা না থামালে তিনি হয়তো শারীরিকভাবে লাঞ্ছিত করতেন।
তিনি বলেন, ‘একটা এজেন্ডা ছিল, লিখিত পরীক্ষা ছাড়া কীভাবে জাতীয় খেলোয়াড়দের নেয়া যায়। তিনি (ডিন) বলছিলেন এভাবে হলে নৈরাজ্য হবে। আমি বললাম, একটা সিস্টেম ডেভেলপ করলে নৈরাজ্য হবে কেন। এভাবে দ্বিমত হতে হতে হঠাৎ তিনি ক্ষিপ্ত ও মারমুখী হয়ে ওঠেন।
আপনিও উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন কি না, এই প্রশ্নের জবাবে অধ্যাপক কবীর বলেন, ‘পরে আমি প্রতিবাদ জানিয়ে বলি, আপনি এভাবে তেড়ে আসতে পারেন না, এভাবে কথা বলতে পারেন না। একজন শিক্ষক এমনটা করতে পারেন না। এটা কি বিশ্ববিদ্যালয় নাকি কুস্তি খেলার জায়গা? আমি নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এ বিষয়ে বক্তব্য জানতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হকের মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।