ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন জামায়াত, গাড়ি ভাংচুর – আটক ২১

সোহাগ আরেফিন
জুলাই ২৮, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এ সময় এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। আজ শুক্রবার জুমার নামাজের পর নগরের চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের নগর শাখার নেতা-কর্মীরা জুমার নামাজের পর নগরের আগ্রবাদ বাদামতলী মোড় থেকে মিছিল বের করেন। মিছিলটি চৌমুহনী মোড়ে পৌঁছালে বাধা দেয় পুলিশ। তখন মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ২০-২৫ জন নেতা-কর্মী পুলিশের একটি গাড়ি সামনে পেয়ে তাতে হামলা চালান। ওই গাড়ির ভেতরে পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা ছিলেন। তিনি গাড়ি থেকে বের হলে তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন জামায়াত-শিবিরের কর্মীরা।

এই বিষয়ে নগর পুলিশের (পশ্চিম জোন) উপ কমিশনার মোঃ জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, জামায়াত-শিবিরের হামলায় ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মুকুল চাকমার গাড়িটি ভাঙচুর করা হয় এবং তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, এসময় ঘটনাস্থল থেকে ২১ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

এদিকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ডবলমুরিং থানা ছাত্রলীগ। ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে রাজপথে নামেন। ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম ও সাধারণ সম্পাদক রাকিব হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি আগ্রাবাদ, মাজারগেইট, বাদামতলী মোড় হয়ে চৌমুহনী মোড়ে এসে শেষ হয়। মিছিল থেকে নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম নিউজডে ২৪’কে  বলেন, “ জামায়াত-শিবিরের মতো সন্ত্রাসী সংগঠন গত কয়েকদিন ধরে তারা সভা সমাবেশের অনুমতি চেয়ে আসছিলেন, কিন্তু তাদের সম্পর্কে আইন শৃংখলা বাহিনীর ঊদ্ধর্তন কর্মকর্তা জানেন যে তাদেরকে সুযোগ দিলেই দেশে বিশৃংখলা সৃষ্টি হবে। যা আজকে তারা আবারো প্রমান করেছে। এই সন্ত্রাসী সংগঠনকে রাজনৈতিকভাবে ও প্রশাসনিকভাবে কঠোর হস্তে দমন করা হবে শীঘ্রই। আমরা ছাত্রলীগ দেশের মানুষের জান মালের নিরাপত্তায় রাজপথে অবস্থান করবো।”

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।