ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমি জেলে থাকতে চাই না – ইমরান খান

নিউজ ডেস্ক
আগস্ট ৯, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

কারাগারের ‘বসবাস অনুপযোগী’ পরিবেশে হাঁপিয়ে উঠেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান। সেখানে তাঁর কক্ষে দিনের বেলা মাছি ওড়ে আর রাতে পোকামাকড়ের উৎপাত। তাই তাঁকে দ্রুত সেখান থেকে বের করতে উদ্যোগ নিতে আইনজীবীদের তাগাদা দিয়েছেন তিনি।

কারাগারে আইনজীবীর সঙ্গে দেখা হওয়ার পর পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী এমন কথা বলেন বলে কারাগারের একটি সূত্র জিও নিউজকে নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় উপহার কেনাবেচা (তোশাখানা) দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর গত শনিবার ইমরানকে লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সেদিনই তাঁকে আটক জেলে রাখা হয়।

কারাগারের একটি সূত্র জিও নিউজকে বলেছে, জেলে ইমরান খান খুব কষ্টকর দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় কারাগারে নিজের আইনজীবীর সঙ্গে দেখা হওয়ার পর তিনি বলেন, ‘আমাকে এখান থেকে বের করুন। আমি জেলে থাকতে চাই না।’

আইনজীবী নাঈম হায়দার পানজোথাকে গত সোমবার ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। পিটিআই চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর পানজোথা বলেছিলেন, ইমরানকে কষ্টদায়ক অবস্থায় রাখা হয়েছে। সাবেক এ প্রধানমন্ত্রীকে সি শ্রেণির কারা–সুবিধা দেওয়া হয়েছে।

পানজোথা আরও বলেন, এত কষ্টের মধ্যেও পিটিআই–প্রধান তাঁর মনোবল ধরে রেখেছেন। বলেছেন, প্রয়োজনে সারা জীবন জেলে থাকবেন, তবু দাসত্ব মেনে নেবেন না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।