ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বান্দরবানের, নেই বিদ্যুুৎ

ভ্রাম‍্যমান প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

পাঁচ দিন পর পানি নেমে গেলেও সারা দেশের সঙ্গে এখনো বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম সড়কের ডুবে থাকা অংশের পানি নেমে গেলে কাল বৃহস্পতিবার যান চলাচল চালু হতে পারে বলে পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

এদিকে টানা তিন দিন ধরে পুরো জেলায় বিদ্যুৎ নেই। কবে নাগাদ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে, সেটিও জানাতে পারেননি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা।

পাঁচ দিন ধরে টানা বৃষ্টিতে বান্দরবানের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। বসতঘর পানিতে ডুবে যাওয়ায় অনেকেই আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পানিতে ডুবে যাওয়া উজানীপাড়া, বাসস্টেশন এলাকা, ওয়াপদা সেতু, ফরেস্টার কার্যালয় এলাকাসহ বিভিন্ন এলাকার পানি নেমে গেছে। তবে কাদাপানিতে রাস্তাঘাট পরিপূর্ণ। শুধু বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এলাকায় সড়কের কিছু অংশ পানিতে ডুবে আছে। লামা উপজেলা শহরেও ডুবে যাওয়া অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেছে।

পরিবহনমালিক ও শ্রমিকেরা জানিয়েছেন, সারা দেশের সঙ্গে বান্দরবানে যোগাযোগের একমাত্র সড়ক বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম সড়কের সাতকানিয়া অংশে বেশ কয়েকটি এলাকা এখনো ডুবে আছে। পানি বেশি হওয়ায় কোনো যানবাহন সরাসরি চলাচল করতে পারছে না। পানি কমে গেলে ঢাকাগামী দুই-একটি বাস ছাড়ার কথা আছে। বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের যান চালু করা হবে। তবে উপজেলার সড়কের বিভিন্ন অংশে পাহাড় ধসে পড়েছে। কোথাও কোথাও সড়কও ভেঙে গেছে। এ জন্য সংস্কার, মাটি সরিয়ে যান চালু করতে কয়েক দিন লেগে যেতে পারে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।