নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম ( ৩৫) নামে এক শিক্ষক নিহত হয়েছে।
২ অক্টোবর (সোমবার) রাত ৮টার দিকে লাকসাম দৌলতগঞ্জ স্টেশনের দক্ষিণে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম লাকসাম নবাব ফয়জুন্নেছা স্কুল এন্ড কলেজের খন্ডকালীন গণিত ও বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পশ্চিম আউশপাড়া গ্রামের মিয়াজি বাড়ির সাবেক শিক্ষক মৃত সুলতান আহমদের ছেলে।
লাকসাম রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম বলেন, সোমবার রাতে লাকসাম – নোয়াখালী রেলপথের দৌলতগঞ্জ রেলস্টেশনের দক্ষিনে একটি রেলক্রসিং আছে।
নিহত সাইফুল ইসলাম রেলক্রসিংয়ের পশ্চিম পাশে মোটরসাইকেল রেখে সে পূর্ব পাশ দিয়ে রেললাইন অতিক্রম করছিল।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
লাকসাম রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

