ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশের প্রথম পরিবেশবান্ধব খাসমহল মসজিদ

এইচ এম ইমাম হোসাইন (ভোলা)
অক্টোবর ১৮, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন বাংলাদেশের প্রথম পরিবেশবান্ধব মসজিদ উপকূলীয় জেলা ভোলার চরফ্যাশনের খাসমহল জামে মসজিদ।

আগামী ২০ অক্টোবর ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি খাসমহল মসজিদের উদ্বোধন করবেন।

নির্মাণশৈলী সিরামিক ইটের গাঁথুনির ফাঁকে ফাঁকে নির্মল বাতাস ও উপরে মাকড়সা আকৃতির কাঁচের গম্বুজ ভেদ করে সূর্যের আলোকরশ্মি ছড়াচ্ছে মসজিদজুড়ে। ভিতর-বাহিরে নান্দনিক লাইটিং আর প্রকৃতিবান্ধব ডিজাইন এ মসজিদ ইসলামপ্রিয় ধর্মপ্রাণ মানুষকে মেলবন্ধনে আবদ্ধ করেছে।

জানা যায়, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের উদ্যোগ ও পরিকল্পনায় দৃষ্টিনন্দন এ মসজিদের নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সাল থেকে। মসজিদের নির্মাণকাজ শেষ করতে টানা ৫ বছর লেগেছে। গ্রাউন্ডফ্লোরসহ তিন তলায় সাড়ে ৪ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। উপজেলা পর্যায়ে বাংলাদেশে এই প্রথম মহিলাদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এ মসজিদে।

চরফ‍্যাশন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামীম হাসান বলেন, ১৭ হাজার বর্গফুট জায়গায় উচ্চ ক্ষমতা সম্পন্ন স্টোন চিপসের সমন্বয়ে ফেয়ার ফেস সাদা সিমেন্টের প্লাস্টার দ্বারা পরিবেশবান্ধব এ মসজিদের প্রতিটি দেয়াল আবৃত। এর প্লাস্টার ১০০ বছর স্থায়ী হবে। যা সম্পূর্ণ প্রকৃতিবান্ধব।

চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ বলেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের উদ্যোগ ও পরিকল্পনায় দৃষ্টিনন্দন এ মসজিদ নির্মাণকাজ শুরু হয়। এ জনপদে তার এ মহতী উদ্যোগ প্রশংসনীয়।

মসজিদ নির্মাণের উদ্যোক্তা ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বপ্ন ছিল আমার নির্বাচনী এলাকা চরফ্যাশনে একটি দৃষ্টিনন্দন আধুনিক মানের মসজিদ নির্মাণের, মানুষের সার্বিক কল্যাণে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।