ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নির্বাচনে না এলে ভোটার উপস্থিতি কম থাকবে – পাপন

নিউজ ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না এলে কেন্দ্রে ভোটারদের উপস্থিত কম থাকবে বলে মনে করছেন কিশোরগঞ্জ- ৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভৈরবের আইভি ভবন প্রাঙ্গণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে পাপন এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি না এলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা অনেক কমে যাবে। তখন মানুষ মনে করবে নৌকা তো জিতবেই। আমরা ভোট কেন্দ্রে গিয়ে কী হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনা এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তিনি সারাবিশ্বকে দেখাতে চান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কীভাবে করতে হয়।

পাপন আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা দরকার তা আমাদের করতে হবে। ভোট দেওয়ার জন্য ভোটারদের কেন্দ্রে আনতে হবে। একজনের ভোট আরেকজন দিতে পারবে না, যার যার ভোট তাকেই দিতে হবে। তাই ভোটারদের কেন্দ্রে আনতে এটাই আমাদের মূল চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, যদি বিএনপি নির্বাচনে না এসে দেশে নির্বাচন বন্ধ করতে চায় তাহলে তাদের আর ছাড় দেওয়া হবে না। তাদের কঠিনভাবে প্রতিরোধ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুরসহ স্থানীয় নেতাকর্মীরা।

সূত্র: আ/টি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।