ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, অভিযুক্তের ‍হুমকি -প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৪ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত ছৈয়দুর রহমান নামক এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

২০ জানুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ইমামনগর এলাকার সেকান্দর নামক এক ব্যক্তির বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ভুক্তভোগী পরিবারের পক্ষে দিদারুল আলম লিখিত বক্তব্যে বলেন, আমরা সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ছৈয়দুর রহমানের পরিবার হই। আমার পিতা দেশের জন্য যুদ্ধ করেছেন। তিনি স্বাধীনতার অতন্দ্র প্রহরী ছিলেন। তার মৃত্যুর পরে আমাদের পরিবারের উপর হামলা মামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে আমাদের এলাকার সেকান্দর ও তার বাহিনী।

ইতিমধ্যে সে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো প্রায় ডজন খানেক মামলা দিয়ে হয়রানি করে আসছে। সর্বশেষ গত ৫ জানুয়ারি আমাদের ঘরের কাজ ধরলে সেকান্দর ও তার সহযোগিরা মিলে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমরা চাঁদা অনাদায়ে অস্বীকৃতি জানালে গত ৭ জানুয়ারি সন্ধা ৭টায় সেকান্দর ও তার সহযোগী সন্ত্রাসীরা মিলে আমার ভাই মোহাম্মদ মিনার এর উপর নৃশংস হামলা চালায়।

এতে হামলার শিকার মিনার ৫ দিন যাবৎ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। এই বিষয়ে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেকান্দরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত সীতাকুণ্ড থানার ওসিকে নির্দেশ দেয় এফআইআর ভুক্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু সেকান্দর এজহার ভুক্ত প্রধান আসামি হয়েও প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এখনও সে হুমকি দিচ্ছে মামলা প্রত্যাহার না করলে আমাদের পুরো পরিবারকে এলাকাছাড়া করবে।

ভুক্তভোগী মিনার বলেন, আমাকে মেরে রক্তাক্ত করার পরে এক মহিলা ও বহিরাগত এক যুবককে দিয়ে সেকান্দর আরো দুটো মিথ্যা ও সাজানো মামলা করেছে আদালতে। তাছাড়া আমার বড় ভাই দীর্ঘ ২০ বছরের মাছ ব্যবসায়ী দিদারুল আলমের কাছেও প্রতিনিয়ত চাঁদা চাচ্ছে ও হুমকি দিচ্ছে এ সেকান্দর ও তার গুন্ডা বাহিনী। সে আমার বাবার মালিকানাধীন জায়গা জবর দখল করে তিনতলা ভবন নির্মাণ করেছে। মোটামুটি এ ভূমিদস্যু সেকান্দর আমাদের পরিবারের উপর প্রতিনিয়ত অত্যাচার ও জোর জুলুম, নির্যাতন করে যাচ্ছে।

এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপারসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের উপর হামলা, মিথ্যা মামলাকারী সেকান্দর হোসাইন ও তার সহযোগিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।

এতে আরো উপস্থিত ছিলেন সাবিনা আক্তার, লাকি আক্তার, জান্নাতুল ফেরদৌস, রুবি আক্তার প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।