উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে বেশ সরগরম হয়ে উঠেছে দেশের বিভিন্ন উপজেলা। ইতিমধ্যে বেশ কয়েকটি উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ চলছে চারদিকে। আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে এই উপজেলার নির্বাচন।
তবে নির্বাচন ঘনিয়ে এলেও বেশকিছু প্রার্থীর আয় ব্যায়ের হিসাব নিয়ে বেশ প্রশ্ন উঠেছে জনমনে। তবে এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রাজা।
গত ১৫ মাসে যার আয় বেড়েছে প্রায় সাড়ে ৯ গুন। তার হলফনামায় দেখা যায়, তার বছরে আয় ৩ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৯৪৭ টাকা। এর মধ্যে তিনি ব্যবসা থেকে আয় করেন ৩ কোটি ২৬ লাখ ২৩ হাজার ১৮৭ টাকা। কৃষিখাত থেকে আয় ২৭ হাজার ২৫০ টাকা। এফডিআর থেকে লভ্যাংশ পান ২ লাখ ৮৬ হাজার ৬০ টাকা এবং উপজেলা চেয়ারম্যানের সম্মানী ভাতা ১ লাখ২১ হাজার ৪৫০ টাকা।
উউল্লেখ্য ২০২৩ সালের ১৬ মার্চ অনুষ্ঠিত উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। একই বছরের ১৯ফেব্রুয়ারি দাখিলকৃত হলফনামায় তিনি তার বার্ষিক আয় দেখিয়েছিলেন ৩৪ লাখ ৬৪ হাজার ২৫৭ টাকা।
সেই হিসাবে তার পূর্বের আয়ের চেয়ে বর্তমান আয় বেড়েছে প্রায় ৯ দশমিক ৫৪ শতাংশ। শুধু আয় নয়, একই সঙ্গে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তিও কয়েক গুণ বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
নির্বাচন কমিশনে দাখিল করা বর্তমান তার হলফনামায় বার্ষিক আয় ও সম্পদের এই বিবরণ জমা দেন। এই হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া যায়। বর্তমানে তিনি বছরে তিন কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৯৪৭ টাকা আয় দেখালেও তার নগদ টাকা রয়েছে ৮ লাখ ১৩ হাজার ৮৭ টাকা এবং ব্যাংকে জমা আছে ৩ লাখ ৩৬ হাজার ২৮৬ টাকা।
এছাড়াও তার অস্থাবর সম্পত্তির মধ্যে ২০ লাখ টাকার গাড়ি, ৭ লাখ ৬২ হাজার ৫ শত টাকার আসবাবপত্র, ৫ লাখ ২২ হাজার ৫শ টাকার ইলেকট্রনিক সামগ্রী, ৩০ হাজার টাকার স্বর্ণ রয়েছে এবং সেইসাথে স্থাবর সম্পদ রয়েছে ২ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৪২৪ টাকা মূল্যের ১০৩ দশমিক ৫৪৫ ডেসিমিলের কৃষিজমি। তাছাড়া ৪৫ হাজার ৯শত টাকা মূল্যের অকৃষি জমি, ৮ লাখ ৫৯ হাজার ৬ শত টাকা মূল্যের ৯০ ডেসিমিল মৎস্য খামার।
রেজাউল করিম রাজার স্ত্রীর নামেও রয়েছে ৮ লাখ ৫৯ হাজার ৬শ টাকা মূল্যের সম্পদ। এরমধ্যে তার ৩ লাখ ৫ হাজার ২০২ টাকার ধার-দেনা রয়েছে।
সরেজমিনে জানা যায়, রেজাউল করিম বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এছাড়া পেশায় একজন কনস্ট্রাকশন ব্যবসায়ী। এবার আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

