ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্কুলের জমি নিয়ে মারামারিতে প্রান গেলো বৃদ্ধের, ক্ষমতার দাপটে বেপরোয়া চেয়ারম্যান পদপ্রার্থীর বোন

সাফায়েত মোরশেদ -চট্টগ্রাম
মে ২৫, ২০২৪ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রওশন আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন চৌধুরীর বোন। নিজেকে পরিচয় দেন ইমাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে। ভাইয়ের ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় বিস্তার করতে চাচ্ছেন আধিপত্য, বিদ্যালয়ের জমি দখল করতে হয়ে উঠেছেন মরিয়া।

সম্প্রতি বিদ্যালয়ে জমি নিয়ে এক মারামারিতে তার এবং তার পরিবারের সদস্যদের হামলায় নিহত হন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল নাজির দীঘীর আইয়ুব রেজা (৬৫) নামের এক ব্যাক্তি। তিনি একই এলাকার সাবেক চেয়ারম্যান কুদ্দুছ চেয়ারম্যানের ছেলে।

এ ঘটনায় নিহতের ছেলে বদরুদ্দোজা বাদী হয়ে পাচজনের নাম উল্লেখ করে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনাম হিসেবে আরো ৭,৮ জনকে আসামী করা হয়। পরবর্তীতে থানা পুলিশের তৎপরতায় গ্রেফতার চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রওশন আরা বেগম (৪৮), আবু তালেব( ৫২) এবং দোস্ত মোহাম্মদ।

মামলার এজাহারে জানা যায়, গত মঙ্গলবার বিকেল ৩ টার দিকে কধুরখীল ইমাম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জবর দখল নিতে যান রওশন আরা ও তার পরিবারের সদস্যরা। এসময় বাদীর চাচাতো বোন সুফিয়া (২৫) বাধা দিতে গেলে বাকবিতন্ডার একপর্যায়ে তাকে মারধর করেন রওশন ও তার পরিবারের সদস্যরা। এসময় তাকে বাঁচাতে ছুটে আসেন নিহত আইয়ুব রেজা ও তার স্ত্রী ইসরাত জাহান। এসময় তাদেরকেও এলোপাতাড়ি মারতে শুরু করেন রওশনের লোকজন।

মারধরের একপর্যায়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন আইয়ুব রেজা। পরবর্তীতে আহত সুফিয়া এবং আইয়ুব রেজাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করেন। চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আইয়ুব রেজাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মোঃ বদরুদ্দোজা বলেন কোন প্রকার কাগজপত্র ছাড়া আমাদের জায়গা পরিমাপ করতে এসেছিলেন গোমদন্ডী ইউনিয়ন ভূমি অফিসের সার্ভেয়ার কাজল মিয়া। সাথে ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রওশন আরা বেগম, তার স্বামী আবু তালেবসহ বেশ কয়েকজন। এ সময় তাদের বাধা দিলে আমাদের উপর হামলা চালায় এবং আমার বাবা মারা যান।

এ বিষয়ে জানতে যাওয়া হলো বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছহাব উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত থাকবে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে বৃদ্ধের মৃত্যুর আসল কারণ জানা যাবে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।