রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আলাদা ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ব্যাংকগুলো হলো— সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অপসারণ করা ব্যাংক এমডিরা হলেন— সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিম, জনতা ব্যাংকের এমডি মো. আবদুল জব্বার, অগ্রণী ব্যাংকের এমডি মো. মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর, বেসিক ব্যাংকের এমডি মো. আনিসুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) এমডি মো. হাবিবুর রহমান গাজী।
ছয়টি ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দিয়ে এমডির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়েছে।
ছয়টি ব্যাংকের মধ্যে রূপালী ব্যাংক এর এমডি মোহাম্মদ জাহাঙ্গীর এর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সরকারি বানিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগ নীতিমালা’ ভঙ্গ করার দায়ে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং রূপালী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছিলেন চট্টগ্রাম সাগরিকা রোড শাখার গ্রাহক কাজী মোঃ নুর উদ্দিনের পক্ষে এ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস।
এই বিষয়ে ১৬ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে নিউজডে২৪ কে মুঠোফোনে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী গ্রাহক মোঃ নুর উদ্দিন।

