চট্টগ্রাম সার্কিট হাউজে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে লাল সবুজ সোসাইটি চট্টগ্রামের একটি প্রতিনিধি দল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কাজী আবদুল আলীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা সংগঠনের চলমান কার্যক্রম, বিশেষত মানসিক স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন নিয়ে পরিচালিত কার্যক্রম নিয়ে আলোচনা করেন।লাল সবুজ সোসাইটি চট্টগ্রামের পক্ষ থেকে প্রতিনিধিরা যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবকদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে তারা বেশ কিছু কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে জানান।
সাক্ষাৎকালে কাজী আবদুল আলীম লাল সবুজ সোসাইটির কার্যক্রমের প্রশংসা করেন এবং এ বিষয়ে ভবিষ্যতে যৌথ কর্মসূচি আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
উপ-পরিচালক কাজী আবদুল আলীম বলেন, “যুবদের মানসিক স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। লাল সবুজ সোসাইটির মতো সংগঠনগুলোর সাথে যৌথ উদ্যোগ আমাদের এই লক্ষ্যে এগিয়ে যেতে সহায়ক হবে।”
এই সাক্ষাৎ থেকে উভয় পক্ষের মধ্যে যৌথ কর্মসূচির পরিকল্পনার সম্ভাবনা আরও দৃঢ় হলো, যা ভবিষ্যতে চট্টগ্রামের যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা প্রদান এবং তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিনিধিরা।

