ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির দুপক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ জিহাদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ৩, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ও ছুরিকাহত হয়ে যুবদলের এক কর্মীর মৃত্যু হয়েছে। তাঁর নাম জিহাদুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মো. জিহাদ (২৭)। তিনি একই থানার লালখান বাজার এলাকার বাসিন্দা। তিনি নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার হোসেন গণমাধ্যমকে বলেন, “বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন জিহাদ ১২ দিন পর আজ ভোরে মারা গেছে। ওই সংঘর্ষের ঘটনার পরদিনই আহত এক ভিকটিমের পরিবার বাদী হয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি মামলা করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিহাদুর রহমান নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি গুলিবিদ্ধ ও ছুরিকাহত ছিলেন। সংঘর্ষের ঘটনায় করা মামলায় আদালতে আবেদন করে ৩০২ ধারা যুক্ত করা হবে ”

এর আগে, ২১ মার্চ রাত আটটার দিকে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী ও নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ জিহাদ ও আনোয়ার শাহ আলমের অনুসারী। আহত রমিজ শরীফুলের অনুসারী হিসেবে পরিচিত।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরের জিইসি মোড় এলাকায় ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের একপর্যায়ে কুসুমবাগ এলাকায় তারা মুখোমুখি হয়। সেখানে উভয় পক্ষের গোলাগুলি হয়।

গোলাগুলির ঘটনার পর সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে খুলশী থানার তৎকালীন ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।