ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্র জিতু, জিএস শিবিরের মাজহার

Rokib
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম জয়ী হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার পর নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ফল ঘোষণা অনুষ্ঠান উপস্থাপনা করেন। ভোট গণনা শেষে দেখা যায়, ভিপি পদে সাবেক ছাত্রলীগ নেতা ও জুলাই আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশিদ জিতু জয় পেয়েছেন। তিনি শিবির সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতেছেন। জিএস পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম, যার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাগছাসের প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। জাকসুর মোট ২৫টি পদের মধ্যে জিএসসহ ২১টি পদে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন। তবে ভিপি, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদক পদে শিবিরের প্রার্থীরা হেরেছেন। নির্বাচনটি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে অনুষ্ঠিত হয়। ভোট গণনা শুরু হয় রাত ১০:১৫টায়। ম্যানুয়ালি গণনার কারণে ফল প্রকাশে বিলম্ব হয়। মোট ১১ হাজার ৮৯৭ জন ভোটারের মধ্যে ৬ হাজার ১১৫ জন ছাত্র এবং ৫ হাজার ৭২৮ জন ছাত্রী ছিলেন। নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে। ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।