মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইছামতী নদীতে প্রায় দুই দশক বন্ধ থাকার পর ফের ঐতিহ্যবাহী ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার বলড়া ইউনিয়ন ও সদরের হাটিপাড়া ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা নদীতে কলা গাছ দিয়ে তৈরি ভেলার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মহেশখালী, কোকরহাটি, কৌচা-বড়ইচরা ও জগ্নাথপুরবাসীর উদ্যোগে আয়োজিত বাইচ দেখতে নদী তীরে ভিড় করেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা, মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলার হাজার হাজার দর্শক।
নবাবগঞ্জ থেকে ভেলা বাইচ দেখতে এসেছেন ইমন। তিনি বলেন, “এ নদীতে ভেলা বাইচ হচ্ছে, এক আত্মীয়ের কাছ থেকে জেনে আসছি। কলা গাছ দিয়ে অনেক সুন্দর সুন্দর ভেলা বানানো হয়েছে। ভেলা বাইচ উপলক্ষে মেলাও বসেছে।”
হরিরামপুরের কোকরহাটি গ্রামের নুরুল আমিন বলেন, “দীর্ঘদিন পর এ নদীতে ভেলা বাইচের আয়োজনকে কেন্দ্র করে এলাকাবাসীর আনন্দের শেষ নেই।”
অনুষ্ঠানের অতিথিদের মধ্যে মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নের কাতার প্রবাসী মজনু মিয়া বলেন, “দীর্ঘদিন পর ভেলা বাইচ দেখতে পেরে সদরের হাটিপাড়া, ভাড়ারিয়া ও হরিরামপুরের বলড়া, হারুকান্দি ইউনিয়নের বাসিন্দাদের আনন্দের শেষ নেই।”
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মো. সুমন রাহাত জানান, “এ ভেলা বাইচ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের ঐতিহ্য। দীর্ঘ ২০টি বছর বন্ধ থাকার পর আমরা আবার এই গ্রামীণ উৎসব ও সামাজিক মিলনমেলার শুরু করেছি।”
আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন তিনি।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক ও আয়োজক কমিটির সদস্য আব্দুল করিম বলেন, “বাইচে ২৬টি ভেলা অংশগ্রহণ করেন। তার মধ্যে সদরের চৌকিঘাটা এলাকার ভেলা চ্যাম্পিয়ন হয়েছে। পুরষ্কার হিসেবে তারা একটি রেফ্রিজারেটর পেয়েছে।”

