বেসরকারি শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্য নিয়ে প্রাইভেট এডুকেশন সোসাইটি’র উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, সুবিধাবঞ্চিত শিক্ষকদের সরকারিভাবে সহযোগিতা প্রদান, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সমাজের বিত্তবানদের শিক্ষা বিস্তারে সহযোগিতা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রাইভেট এডুকেশন সোসাইটি-Private Education Society এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের সকল সুবিধাবঞ্চিত শিক্ষকদেরকে সরকারের সুযোগ-সুবিধার আওতায় আনতে হবে। একইসাথে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য শিক্ষক সমাজকে আরও যোগ্য ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই, আর এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “শিক্ষা বিস্তারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। সহযোগিতার মনোভাব বৃদ্ধি করলে দেশের প্রতিটি শিক্ষার্থীই সমানভাবে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।”
সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মতামত প্রদান করেন। তাঁরা প্রাইভেট এডুকেশন সোসাইটি’র কার্যক্রমকে এগিয়ে নিতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাধারণ সভায় আসন্ন কর্মসূচির মধ্যে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা কর্মসূচি এবং শিক্ষা বিস্তারে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

