ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গুনিয়ার কুখ্যাত সন্ত্রাসী তোফায়েল গ্রেপ্তার

ভ্রাম্যমান প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ তোফায়েল আহমেদ ওরফে তোলাইয়া (৫২) অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি এলাকার বহুল আলোচিত কামাল গ্রুপের প্রধান কামালের ছোট ভাই হিসেবে দীর্ঘদিন ধরে অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন।

তোফায়েল দীর্ঘ সময় ধরে সরফভাটা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা এবং নানা অপরাধমূলক কার্যক্রমের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান, চন্দ্রঘোনা ও রাঙ্গুনিয়া থানায় খুন, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ও চুরি-ডাকাতিসহ ১৪টি ফৌজদারি মামলা দায়ের রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আবুল কালামের পুত্র।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত টাস্কফোর্স-৪ (৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড) এর রাঙ্গুনিয়া সেনা ক্যাম্প সরফভাটা এলাকাসহ পুরো উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে চিরুনি অভিযান পরিচালনা করছে। সেনাবাহিনীর কঠোর নজরদারির কারণে তোফায়েল সম্প্রতি সরফভাটা এলাকা ত্যাগ করে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় আশ্রয় নেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত হলে বুধবার দুপুরে স্থানীয় জনতা তাকে আটক করে। পরবর্তীতে খবর পেয়ে টাস্কফোর্স-৪ এর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিকে গ্রেপ্তার করে।

পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে রাঙ্গুনিয়া দক্ষিণ থানা পুলিশের একটি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়। রাঙ্গুনিয়া থানা পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর পাশাপাশি নতুন অভিযোগগুলোকেও তদন্তপূর্বক আইনি প্রক্রিয়ায় আনা হবে।

তোফায়েলের গ্রেপ্তারের পর সরফভাটাসহ পুরো রাঙ্গুনিয়া উপজেলায় স্বস্তি ফিরে আসবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।