ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফ বিএনপির কার্যালয়ে অভিযানের ঘটনায় নিন্দা

জসিম উদ্দিন ইমন (টেকনাফ প্রতিনিধি)
অক্টোবর ২, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে র‌্যাব-১৫ এর অভিযানের ঘটনায় যৌথভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার রাতে টেকনাফ বাসস্টেশনস্থ সীমান্ত কমপ্লেক্সের দ্বিতীয় তলায় উপজেলা ও পৌর বিএনপির প্রধান কার্যালয়ে র‌্যাব-১৫ সদস্যরা কোনো চার্জশিট বা ওয়ারেন্ট ছাড়াই অভিযান চালায় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

এ নিয়ে রাতে দলীয় প্যাডে টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও র‌্যাব বাহিনীতে তাদের কিছু দোসর এখনো বহাল তবিয়তে রয়েছে। এমন ঘটনা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশাকে ক্ষুণ্ন করছে এবং জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করছে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার পরিপন্থী।”

বিবৃতিতে আরও বলা হয়, “একটি রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।”

টেকনাফ উপজেলা ও পৌর বিএনপি অভিযোগ করে জানায়, এই বাহিনীতে এখনো আওয়ামী ফ্যাসিস্টের দোসররা রয়ে গেছে। অতি দ্রুত তাদের শাস্তিমূলক বদলি করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহদাত হোসেন এবং টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।