ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সব ধর্মের মানুষের জন্য শান্তির শহর গড়তে চাই — মেয়র ডা. শাহাদাত

শহিদুল ইসলাম
অক্টোবর ১১, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “আমি এমন একটি চট্টগ্রাম গড়তে চাই, যেখানে সব ধর্মের মানুষ নির্ভয়ে, নিরাপদে ও সম্প্রীতির বন্ধনে বাস করতে পারবে — এটি হবে প্রকৃত অর্থে শান্তির শহর।”
তিনি আজ শুক্রবার (১০ অক্টোবর) নগরীর পলিটেকনিকাল ইন্সটিটিউট ও অক্সিজেন এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মেয়র বলেন, “চট্টগ্রাম বহুমাত্রিক সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্যের শহর। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান — সবাই এ নগরে বহু বছর ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করছে। এই ঐতিহ্য আমাদের সবচেয়ে বড় শক্তি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মেলবন্ধন রক্ষা করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের গৌরবও।”
তিনি আরও বলেন, “একটি সভ্য, নান্দনিক ও মানবিক শহর গড়তে হলে নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে মানুষকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে।”
মেয়র ধর্মীয় নেতাদের উদ্দেশে বলেন, “ধর্ম মানুষকে বিভক্ত করে না, বরং যুক্ত করে। প্রতিটি ধর্মই মানবকল্যাণ ও শান্তির বার্তা দেয়। তাই ধর্মীয় উৎসবগুলোকে আমরা নাগরিক ঐক্য ও মানবতার উৎসবে পরিণত করতে চাই।”
অনুষ্ঠানে চট্টগ্রাম বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ ভিক্ষু, বিভিন্ন প্যাগোডার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন সকলকে সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ করে বলেন, “শান্তির শহর গড়তে হলে আমাদের পারস্পরিক সহানুভূতি, সততা ও নাগরিক দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে। উন্নয়ন হবে সবার জন্য, কোনো ধর্ম বা সম্প্রদায়ের জন্য আলাদা নয়।”

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।