ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগানকে ঘিরে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ ও শর্টগান দিয়ে গুলি

শহিদুল ইসলাম
অক্টোবর ১২, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্টকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ ও শর্টগান দিয়ে গুলি ছোঁড়ে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে।

এদিকে, কনসার্ট চলাকালীন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ায় এই সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উশৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গিয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিইসি কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহতদের মধ্যে একজনের নাম মো. শরিফ (২৩)। তিনি খুলশি থানার ডেবারপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। আহত বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

কনসার্টে থাকা প্রত্যক্ষদর্শীর একজন গণমাধ্যম’কে জানান, কনসার্ট শুরুর পর সন্ধ্যায় ব্যান্ডদল আর্টসেল মঞ্চে ওঠে গান গাইতে। তারা দুইটি গান পরিবেশনের পর আর গান গাইতে অপারগতা জানায়। এশার আজান হওয়ার কিছুক্ষণ আগে কনসার্টের সামনে থাকা কয়েকজন যুবক ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। এ সময় কনসার্টে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে জিইসি কনভেনশনে তান্ডব চালায় দুর্বৃত্তরা।

সংঘর্ষ থামাতে পুলিশের গুলি ছোড়ার দৃশ্য:

খুলশি থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম সংঘর্ষের বিষয়টি গণমাধ্যম’কে নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেননি।

জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যম’কে বলেন, ‘হোন্ডা কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান ছিল জিইসি কনভেনশন হলে। ওই অনুষ্ঠানের একটি অংশ ছিল কনসার্ট। আয়োজকরা কনসার্টের অনুমতি নেননি। একপর্যায়ে সেখানে উশৃঙ্খল কিছু যুবক ও তরুণ ভাঙচুর চালায়। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে লাঠিচার্জ করে এবং ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কি-না—সেটি আমার জানা নেই। ওসি আমাকে সেটি জানায়নি। দুই ধরনের শর্টগানের গুলি রয়েছে। একটিতে আঘাতের পরিমাণ বেশি হয় এবং অপরটিতে কম। পুলিশ এখন বেশি বিপদ্দজনক গুলিটি ব্যবহার করে না। এখানে যে গুলি ছোঁড়া হয়েছে শর্টগান দিয়ে সেগুলো কম বিপদ্দজনক। আর ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক গণমাধ্যম’কে জানিয়েছেন, জিইসি মোড় এলাকায় শরিফ নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তাকে মেডিকেলে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে ২ নম্বর ওয়ার্ডে প্রেরণ করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।