অনেক অপেক্ষার পর অবশেষে চূড়ান্ত হয়ে ফিনালিসিমার ভেন্যু ও সময়সূচি। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত এই লড়াই অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চ মাসে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়াম। যে মাঠে ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতেছিল আলবিসেলেস্তেরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট ইউরো চ্যাম্পিয়নশিপে সেরা দল স্পেনের এই লড়াই হবে ২০২৬ সালের ২৮ মার্চ। একই বছরের জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। তার আগে হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে ফুটবল দুনিয়ায় এরই মধ্যে তুমুল উন্মাদনা শুরু হয়েছে।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যে পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে, ইউরো চ্যাম্পিয়ন স্পেনও জর্জিয়ার বিপক্ষে সাম্প্রতিক জয় দিয়ে বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়েছে। দুই দলের ফুটবল সংস্থা এখন ফিনালিসিমার আয়োজন চূড়ান্ত করতে কাজ করছে।
গত কয়েক মাস ধরে ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনা হচ্ছিল ওয়েম্বলি (যেখানে ২০২২ সালের সংস্করণে ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা), সৌদি আরবের রিয়াদ এবং উরুগুয়ের মন্টেভিডিও। তবে স্পেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শেষ পর্যন্ত কাতারের লুসাইল স্টেডিয়ামই পছন্দের জায়গা হয়ে উঠেছে আয়োজকদের কাছে।
লিওনেল মেসির যোগ্য উত্তরসূরী মনে করা হচ্ছে বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে। দুই তারকাকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দেখতেও আগ্রহের কমতি নেই ফুটবলভক্তদের মাঝে। আর তাই এবারের ফিনালিসিমাকে ঘিরে দেখা যাচ্ছে বাড়তি উন্মাদনা।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD