কর্ণফুলী থানার ৩৯ হাজার পিস ইয়াবার মামলায় কার্ভাডভ্যানের চালক ও সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই আদেশ দেন।
দণ্ডিতরা হলেন-কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দুই নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে চালক মো.জাহাঙ্গীর (২৬) এবং উখিয়া থানার বালুখালী ইউনিয়নের সীজারিঘোনা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে মো.আজিজুল হক (২৯)।
আদালত সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ইয়াবার চালান আসার সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ৮ জুলাই কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকায় অভিযান চালায় র্যাব-৭ এর একটি দল।
র্যাবের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যান রেখে পালিয়ে যাওয়ার সময় চালক জাহাঙ্গীর ও সহকারী আজিজুলকে গ্রেপ্তার করা হয়। পরে কাভার্ড ভ্যান থেকে লুকানো ৩৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৭ এর তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জায়েদ ভূইয়া বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৯ জানুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২১ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী বলেন, ৫ জনের সাক্ষ্য প্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মো.জাহাঙ্গীর ও মো.আজিজুল হককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডিত দুই আসামি জামিনে গিয়ে পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD