ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকবেন না: ইসি আনোয়ারুল

Rokib
অক্টোবর ১৯, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসি আনোয়ারুল বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে নির্বাচন কমিশনার বলেন, ‘সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো নির্বাচনের সুযোগ আর নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।’

এছাড়া, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলেও জানান আনোয়ারুল ইসলাম।

আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকার বিষয়ে তিনি বলেন, ‘সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই আমার বক্তব্য।’

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।