রাঙামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে জেলা পুলিশের উদ্যোগে আসন্ন খেলাধুলা প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে আগামী ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মিনি ম্যারাথন, ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা সফলভাবে সম্পাদনের লক্ষ্যে জেলার বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
রাঙ্গামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন এর সঞ্চালনায় এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী পিপিএম ও রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়— এটি সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার একটি কার্যকর মাধ্যম। জেলা পুলিশের পক্ষ থেকে এই আয়োজনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও মজবুত হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

