বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান কঠিন চিবরদান অনুষ্ঠানে রাঙামাটি রাজবন বিহারে চিবরদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশাখা কর্তৃক প্রবর্তিত এই অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষে ধর্মীয় ভিক্ষু সংঘের নিকট চিবরদান করেন, অনুষ্ঠানের প্রধান দায়ক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাঙামাটির রাজবন বিহারে অনুষ্ঠিত ৪৯তম দানোত্তম কঠিন চিবরদান অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে তারেক রহমানের উপহার চিবরদান করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এসময় রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ভিক্ষু প্রজ্ঞালংকার মহাস্থবির এর সভাপতিত্বে উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ, রাঙামাটি পুলিশ সুপার ডা. এসএম ফরহাদ হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন সহ দূর দুরান্ত থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভিক্ষু সংঘ, ধর্মীয় অনুরাগী ও দায়ক দায়িকা এবং পুন্যার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানোত্তম কঠিন চিবরদান ঐতিহ্য, শান্তি ও সম্প্রীতির প্রতিক হিসেবে কাজ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র চিবরদান করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। বিএনপি সব সময় ধর্মীয় সহবস্থান ও পারষ্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী।
তিনি আরো বলেন, পাহাড়ে সৌহার্দপূর্ণ সম্পর্ক ও সম্প্রীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।
অনুষ্ঠানে উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির বলেন, “এই উৎসবে সব ধর্ম-বর্ণের মানুষের উপস্থিতি প্রমাণ করে, পার্বত্য চট্টগ্রামে এখনও সম্প্রীতি ও মানবতার আলোকবর্তিকা বহন করছে। রাজনীতি ও ধর্ম উভয়ের উদ্দেশ্যই যদি মানবকল্যাণ হয়, তবে সমাজে কখনো বিভেদ তৈরি হবে না।
২দিনব্যাপী এই অনুষ্ঠানের শেষ দিনে বৌদ্ধমূর্তি দান, হাজার প্রদীপ দান, অষ্ট পরিষ্কার দান, কঠিন চিবরদান সহ নানাবিধ দান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন এলাকা থেকে আগত দায়ক দায়িকা ও পুন্যার্থীবৃন্দ।

