ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে ছাত্রলীগের ব্যানার

Rokib
নভেম্বর ৩, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুটি ব্যানার সাঁটানোর ঘটনা ঘটেছে। আজ রোববার ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রশাসন। তবে সকালের আগেই এসব ব্যানার খুলে ফেলেছেন শিক্ষার্থীরা। আজ সকালে ব্যানারের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, দুটি ব্যানারের একটি সাঁটানো হয় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনের উত্তর পাশে, অন্যটি ছাত্রদের আবাসিক আলাওল হলের প্রধান ফটকে। দুটি ব্যানারেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। ব্যানারের নিচে ‘প্রচারে–চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’ উল্লেখ করা হয়েছে। আলাওল হলের আবাসিক শিক্ষার্থী রাফসান আহমেদ বলেন, ‘গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে আমি ২ নম্বর গেটে খাবার খেতে যাই। তখন কোনো পোস্টার ছিল না। কিন্তু ভোর পাঁচটার দিকে হলে ফিরে দেখি, ফটকে ব্যানার লাগানো হয়েছে। কারা লাগিয়েছে, জানি না।’ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। পোস্টার লাগানো হয়েছে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা সাধারণত টহলে থাকেন না। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছি।’ প্রক্টর বলেন, ‘এমন ঘটনা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে পারে। এ জন্য আমরা চাকসু ও হল সংসদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করব।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।