ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি’র জনসংযোগে সন্ত্রাসী হামলা- নিহত ১

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ৫, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় জনসংযোগ চলাকালে এ হামলা চালানো হয়।

হামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, পাঁচলাইশ চালিতাতলী বাজার এলাকায় গণসংযোগের সময় এরশাদ উল্লাহর ওপর দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে। এতে এরশাদ উল্লাহর পায়ে ও সরোয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হোন। আহতদের নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক সরোয়ার হোসেন বাবলাকে মৃত ঘোষণা করেন।

২০২৪ সালের ২৭ জুলাই রাতে নগরের অনন্যা আবাসিক এলাকা থেকে সহযোগী বাবুলসহ সারোয়ারকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। ২৮ জুলাই পুলিশ তার সাত দিনের রিমান্ড চাইলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগ প্রায় ১৯টি মামলা রয়েছে।

বিএনপির মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা এরশাদ উল্লাহর ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।