সিরিজ হার এড়াতে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জিততেই হতো; কিন্তু প্রকৃতির বাধায় সেই চেষ্টাই করতে পারল না তারা। ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায়, আগে থেকে এগিয়ে থাকা ভারত জিতল সিরিজ।
ব্রিজবেনে শনিবার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ভারত। দুই উদ্বোধনী ব্যাটসম্যান আভিশেক শার্মা ও শুবমান গিলের ঝড়ো ব্যাটিংয়ে ৪.৪ ওভারেই স্কোরবোর্ডে ৫০ রান তুলে ফেলে সফরকারীরা।
তবে এর এক বল পরই শুরু হয় বৃষ্টি, যে কারণে পরে আর খেলা পুনরায় শুরুই করা যায়নি।
আভিশেক ১৩ বলে একটি করে ছক্কা ও চারে ২৩ ও গিল ১৬ বলে ৬টি চারে ২৯ রানে অপরাজিত রয়ে যান।
সিরিজের প্রথম ম্যাচও বৃষ্টিতে পণ্ড হয়েছিল। দ্বিতীয় ম্যাচ জিতে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুটি ম্যাচ জিতে সিরিজে লিড নেয় ভারত, সেটাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিল।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিক দল।

