ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনড় জামায়াত, আসছে নতুন সিদ্ধান্ত

Rokib
নভেম্বর ১৩, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে— এই অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। এখনো এই সিদ্ধান্তে অনড় রয়েছে দলটি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরও ক্লারিফিকেশন দরকার। আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

তাহের আরও মন্তব্য করেন, যদি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে এর গুরুত্ব অনেকটাই চাপা পড়ে যাবে।

এর আগে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্থে একইদিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।