ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গত তিনবারের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে

Rokib
নভেম্বর ১৫, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারের নির্বাচন যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হয়, তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে পথসভায় তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, মানুষ পরিবর্তন চায়। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে কার্যক্রম করতে পারছি। জনগণ শান্তির বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। নতুন প্রজন্মের মধ্য থেকেই পরিবর্তনের ধারা শুরু হয়েছে। যারা শত কোটি টাকা খরচ করে নমিনেশন নিচ্ছে, তাদের উদ্দেশ্য সৎ নয়। তারা নির্বাচিত হলে দুর্নীতি বাড়বে।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, নিরপেক্ষ থাকুন, স্বচ্ছ নির্বাচন দিন, সব প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করুন। অতীতে রাজনৈতিক পক্ষপাতমূলক কাজে জড়িত বহু পুলিশ কর্মকর্তা পরে আইনি জবাবদিহির মুখে পড়েছেন। অন্যায় করলে কারও পালানোর পথ খোলা থাকবে না।

জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগরসহ বিভিন্ন এলাকা ঘুরে শিরোমণি শহীদ মিনার চত্বরে শেষ হয়। পথসভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমীর জিএম আব্দুল গফুর। এসময় খুলনা–১ আসনের প্রার্থী মাওলানা আবু ইউসুফ, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসসহ অন্যান্য স্থানীয় নেতারা বক্তব্য দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।