“অবসরে পড়ি বই, আলোকিত মানুষ হই”—এ স্লোগানকে ধারণ করে বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক শেডে উদ্বোধন করা হলো স্বপ্নযাত্রী ফাউন্ডেশন পরিচালিত ১৭তম স্বপ্নযাত্রী অবসর পাঠাগার। অভিভাবকদের অপেক্ষার সময়কে অর্থবহ করা এবং পাঠাভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাগার অপারেশন টিমের প্রধান সমন্বয়ক সাফায়েত রায়হান শিহাবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সেলিম উদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা কামাল হোসেন, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সদস্য সাফায়েত শিহাব, আবু ফয়েজ, ছমিরা আক্তার শিরিন, ইরফান আজাদ, হাসিবুল হাছানসহ অন্যান্যরা।
সাধারণ সম্পাদক রুবেল মাহমুদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ পাঠাগারের উদ্যোগকে অভিভাবকদের জ্ঞানচর্চার নতুন দুয়ার হিসেবে উল্লেখ করেন। পরে জেলা প্রশাসক শামীম আরা রিনি আনুষ্ঠানিকভাবে পাঠাগারটির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে তরুণ সমাজ দিন দিন বইবিমুখ হয়ে যাচ্ছে। এমন সময়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের এ ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয়। অভিভাবকরা যত বইমুখী হবেন, তাদের সন্তানেরাও তত বেশি বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবে।” তিনি পাঠাভ্যাস, গবেষণা ও মুক্তচিন্তার বিকাশে এমন উদ্যোগ আরও বিস্তারের আহ্বান জানান এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি বান্দরবানের প্রতিটি উপজেলায় একটি করে লাইব্রেরি স্থাপনে স্বপ্নযাত্রীকে পাশে থাকার আহবান করেন।
অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে সার্বিক সহযোগিতার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেবকে ধন্যবাদ জানায় স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। আয়োজকরা আশা প্রকাশ করেন, নতুন এই পাঠাগার অভিভাবকদের জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও সময় ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

